প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 || প্রকাশের তারিখঃ Dec 9, 2025
শিবগঞ্জ সীমান্তে মানবিক দৃষ্টান্ত: ভারতীয় আত্মীয়দের লাশ দেখার সুযোগ করে দিল ৫৯ বিজিবি
নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলো মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। বাংলাদেশি নাগরিক তারা বানু (৭৫) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করার পর তার ভারতে বসবাসরত মেয়েসহ স্বজনদের শেষবারের মতো লাশ দেখার সুযোগ করে দেয় বিজিবি।
গত ০৮ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত ০৯০০টার দিকে শিবগঞ্জের জমিনপুর গ্রামের বাসিন্দা তারা বানু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন—মৃত্যুবরণ করেন। খবর পেয়ে মৃতের মেয়ে মোছাঃ মালেকা বেগম (৪০), গ্রাম– দুশতদিঘী, থানা– কালিয়া, জেলা– মালদা (ভারত) বিএসএফের মাধ্যমে বিজিবির কাছে লাশ দেখার আবেদন জানান।
আবেদন পাওয়ার পরপরই মানবিক বিবেচনায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ভারতীয় স্বজনদের লাশ দেখানোর সিদ্ধান্ত নেয়। আজ ০৯ ডিসেম্বর ২০২৫ সকাল ০৮:২০ মিনিট থেকে ০৮:৩৫ মিনিট পর্যন্ত শিবগঞ্জ সীমান্তের কিরণগঞ্জ বিওপি এলাকার সীমান্ত পিলার ১৭৯/৩-এস–এর নিকট শূন্য লাইনে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে লাশ দেখানো হয়।
শেষবারের মতো প্রিয়জনকে দেখে ভারতীয় আত্মীয়রা আবেগাপ্লুত হয়ে বিজিবির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। মানবিক এই উদ্যোগে সীমান্তে উভয় দেশের বাহিনীর সহযোগিতাও প্রশংসিত হয়।